কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে 'সিক্স মার্ডার' মামলার পলাতক আসামি সফিকুল ইসলাম উরফে লালুকে (৫০) গ্রেপ্তার করেছে এপিবিএন।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) ৮-এপিবিএনের সহকারী পুলিশ সুপার মো. ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
গতকাল মঙ্গলবার ভোরে উখিয়ার ময়নারঘোনা রোহিঙ্গ ক্যাম্প-১৮ এর ব্লক-সি এলাকা থেকে লালুকে গ্রেপ্তার করা হয়।
আসামি লালু ওই ক্যাম্পের ব্লক-জি/৪৬ এর মৃত ইউছুফ আলীর ছেলে।
পুলিশ সুপার ফারুক আহমেদ জানান, ময়নারঘোনা রোহিঙ্গা ক্যাম্পে ‘সিক্স মার্ডার’ মামলার পলাতক এক আসামি অবস্থান করছেন বলে খবর আসে। পুরে এপিবিএন সদস্যরা সেখানে অভিযান চালায়। এসময় পালানোর চেষ্টা করলে লালুকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, হত্যার ওই ঘটনায় লালুসহ অর্ধশতাধিক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। লালু এ মামলায় এজাহার নামীয় ১৬ নম্বর আসামি। তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রসঙ্গত, ২০২২ সালের ২২ অক্টোবর রাতে উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের দারুল উলুম নদওয়াতুল ওলামা আল ইসলামিয়া মাদরাসায় ছয়জনকে হত্যার ঘটনা ঘটে।