সারা বাংলা

ভালোবাসা দিবসে হোটেলে ওঠেন দম্পতি, পরদিন মিললো স্ত্রীর লাশ 

কক্সবাজার শহরের বাজারঘাটা এলাকায় ‘সী বার্ড’ নামের একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে ওই নারীর মরদেহটি উদ্ধার করা হয়।

১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে হোটেলের ৩১০ নম্বর কক্ষটি ভাড়া নিয়েছিলেন স্বামী-স্ত্রী। পরদিন স্ত্রীর মরদেহ উদ্ধার করলেও স্বামী পলাতক।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ওই গৃহবধূর নাম জেসমিন আক্তার (২৭)। তিনি বাগেরহাটের মোস্তাফিজুর রহমানের স্ত্রী।

হোটেল কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) শহরের বাজারঘাটায় আবাসিক হোটেল সী বার্ডে ওঠেন জেসমিন আক্তার ও তার স্বামী মোস্তাফিজুর রহমান। বুধবার দুপুরে স্বামী রুমের বাইরে থেকে তালা দিয়ে চলে যান। হোটেল বয়রা দীর্ঘ সময় ধরে রুমের ভেতর আলো জ্বলতে দেখে ডাকাডাকি করেন। সাড়াশব্দ না পেয়ে হোটেল থেকে পুলিশকে খবর দেওয়া হয়।

কক্সবাজার সদর মডেল থানার ওসি রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পরে সিআইডির একটি অপরাধ টিম ঘটনাস্থলে আসে। তথ্য নেওয়া শেষ হলে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্বামী মোস্তাফিজ স্ত্রীকে হত্যা করে পালিয়ে গেছেন।