সারা বাংলা

বাবাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার

ময়মনসিংহে বাবাকে হত্যার অভিযোগে ছেলে আ. মতিনকে (৩৫) গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ।

গ্রেফতারকৃত আ.মতিন সদর উপজেলার পরানগঞ্জ ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের বাসিন্দা নিহত জয়নুদ্দিনের প্রথম স্ত্রীর সন্তান। 

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, বুধবার রাতে জেলার ফুলপুর উপজেলায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার পর দ্রুত সময়ের মধ্যে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আসামি আ. মতিনকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, নিহত জয়নুদ্দিনের দুই স্ত্রী। তিনি তার প্রথম স্ত্রীর সন্তান আ. মতিন ও দ্বিতীয় স্ত্রীর সন্তান শাকিবকে ৩০ শতাংশ জমি লিখে দেন। ওই জমির দাগ নম্বর ভুল হওয়ায় তাদের মধ্যে বিরোধ চলে আসছিলো। অভিযোগ, ঘটনার দিন গত ১৪ ফেব্রুয়ারি ভোরে জয়নুদ্দিন ধান ক্ষেতে পানি দিচ্ছিলেন। এ সময় আ.মতিন পেছন থেকে দা দিয়ে কোপ দিয়ে হত্যা করে পালিয়ে যান। এরপর থেকে তিনি পলাতক ছিলেন।

এই ঘটনার পর নিহতের দ্বিতীয় স্ত্রীর ছেলে শাকিব বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন।