সারা বাংলা

গাইবান্ধায় চালককে হত্যা করে অটোবাইক ছিনতাই

গাইবান্ধা সদর উপজেলায় মো.রাজু মিয়া (২০) নামে এক চালককে হত্যা করে অটোবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১১টার উপজেলার কুপতলা ইউনিয়নের রামপ্রসাদ এলাকার রেল লাইনের ৬৫-এফ নং ব্রিজের পাশ থেকে অটোবাইকচালক রাজু মিয়ার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত রাজু মিয়া সাদুল্লাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নের উত্তর ভাঙ্গামোড় (চান্দের বাজা) গ্রামের শফিউল ইসলামের (ভুন্দু) ছেলে।

স্বজনরা জানায়, শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১ টার দিকে রাজু মিয়া তার অটোবাইক নিয়ে বের হয়। এরপর সন্ধ্যা ঘনিয়েও বাড়িতে ফেরেনি। পরে মোবাইলে কল দেওয়া হলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে আজ (শনিবার) সকালে ওই স্থানে রাজুর জবাই করা মরদেহ দেখতে পায় স্থানীয়রা।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ওই স্থান থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাকে হত্যার কারণ অনুসন্ধান করা হচ্ছে।