গাইবান্ধার সাঘাটা উপজেলায় প্রথম শ্রেণির তিন শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে আব্দুল কাফি (৬৫) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযুক্ত আব্দুল কাফি উপজেলার কচুয়া ইউনিয়নের পাঠানপাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে স্ত্রী বাড়িতে না থাকার সুযোগে তিন শিশুকে বরই দেওয়ার লোভ দেখিয়ে বাড়িতে ডেকে নেন অভিযুক্ত আব্দুল কাফি। তাদের সঙ্গে অশ্লীল আচরণ করেন। পরে শিশুরা বিষয়টি তাদের বাবা-মাকে জানায়। এ ঘটনায় এক শিশুর বাবা বাদি হয়ে শনিবার (১৮ ফেব্রুয়ারি) রাতে সাঘাটা থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে রাতে নিজ বাড়ি থেকে আব্দুল কাফিকে গ্রেপ্তার করে। আব্দুল কাফি আগেও এরকম ঘটনা ঘটিয়েছিলেন বলে জানা যায়।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু সরকার বলেন, প্রথম শ্রেণির তিন শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে আব্দুল কাফিকে গ্রেপ্তার করা হয়। আজ (রোববার) তাকে আদালতে সোপর্দ করা হবে।