সারা বাংলা

বাস ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

সাভারে বাস ডাকাত চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে মামলা দায়ের শেষে আসামিদের ঢাকার মুখ্য বিচারিক আদালতে পাঠানো হয়েছে। এর আগে, বুধবার ভোররাতে ঢাকা জেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, ফরিদপুর জেলার হাফিজুল শেখ (৩৮), নারায়ণগঞ্জের শফিকুল ইসলাম (২৯), ঢাকা জেলার ধামরাই থানার আমির হোসেন (৩০), একই থানার জাকির হোসেন রাজা (৩৪) ও মুন্সীগঞ্জ জেলার আনোয়ার হোসেন (৪৭)।

ঢাকা উত্তর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, ‘বুধবার ভোররাতে ঢাকা জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বাস ডাকাত চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির কথা স্বীকার করেছেন।’

তিনি আরও বলেন, ‘এর আগে, আসামিদের বিরুদ্ধে ডাকাতির সময় হত্যার অভিযোগে মামলা রয়েছে। আজ বিকেলে তাদের আদালতে পাঠানো হয়েছে।’