সারা বাংলা

পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রির অভিযোগে গ্রেপ্তার ৪

নাটোরে পৃথক অভিযান চালিয়ে পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রির অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। অভিযান চলাকালে চারটি কম্পিউটার ও আটটি হার্ডডিস্ক জব্দ হয়।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টায় এক সংবাদ সম্মেলনে নাটোর র‌্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক ফরহাদ হোসেন এতথ্য জানান।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে সদর উপজেলার আশ্বিনা বাজার, লোটাবাড়িয়া বাজার, বুড়ি বটতলা ও হয়বতপুর বাজারে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন- সদর উপজেলার রেন্টু আলী, লোটাবাড়িয়ার রকি পারভেজ, রামনগরের মামুন অর রশিদ, হয়বতপুরের মাসুদ রানা।

র‌্যাব কোম্পানি অধিনায়ক ফরহাদ হোসেন জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রির অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। রাতেই সদর থানায় মামলা দায়ের করে আসামিদের গ্রেপ্তার দেখানো হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানায় টাকার বিনিময়ে দীর্ঘদিন ধরে এলাকার যুবক ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের কাছে তারা পর্নো ভিডিও বিক্রি করে আসছিলেন।