পাবনার ঈশ্বরদী উপজেলায় নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত কুন আলেকজান্ডার (৩১) নামের এক রুশ নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৯ এপ্রিল) সকালে রুপপুরের নতুনহাট এলাকায় বিদেশিদের জন্য সংরক্ষিত আবাসিক এলাকা গ্রিন সিটির একটি আবাসিক ভবনের কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
কুন আলেকজান্ডার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের টেস্ট রোসেম লিমিটেড নামের একটি রুশ প্রতিষ্ঠানের কর্মী হিসেবে কর্মরত ছিলেন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, ‘মঙ্গলবার রাতে কাজ শেষ করে আলেকজান্ডার তার নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন। বুধবার সকালে সহকর্মীরা তাকে ডাকাডাকি করলেও ভেতর থেকে কোনও সাড়াশব্দ মেলেনি। এ অবস্থায় থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কক্ষের ভেতর থেকে লাশ উদ্ধার করে।’
তিনি আরও বলেন, ‘সুরতহাল প্রতিবেদনে নিহতের শরীরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। মরদেহ পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।