গোপালগঞ্জে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন। সোমবার (৮ মে) দুপুরে গোপালগঞ্জ-পয়সারহাট সড়কের সদর উপজেলার মাঝিগাতীতে দুর্ঘটনাটি ঘটে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাসুদ জানান, কোটালীপাড়া উপজেলার পয়সারহট থেকে যাত্রী নিয়ে একটি বাস গোপালগঞ্জ যাচ্ছিল। মাঝিগাতীতে পৌঁছালে অপর একটি যাত্রীবাহী বাস সাইড নিতে চাপ দেয় কোটালীপাড়া থেকে ছেড়ে যাওয়া বাসটিকে। এসময় ওই বাসটি সড়কের পাশের খাঁদে পড়ে যায়। এতে বাসের অন্তত ৩০ যাত্রী আহত হন।
তিনি আরও জানান, খবর পেয়ে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। গুরুতর আহত ১৪ জনকে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।