সারা বাংলা

ঢাকায় আ.লীগ-বিএনপির সমাবেশ: আমিনবাজার চেকপোস্টে পুলিশের তল্লাশি

ঢাকায় আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশকে কেন্দ্র করে সাভারের আমিনবাজারে চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম পরিচালনা করছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ অক্টোবর) সকাল থেকে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজারের ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের সামনে ঢাকাগামী লেনে এই তল্লাশি করা হচ্ছে।

সকাল থেকে শুরু হওয়া এই চেকপোস্ট বাস, মাইক্রোবাসসহ সব ধরনের পরিবহনে তল্লাশি করা হচ্ছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, নিয়মিত চেকপোস্ট কার্যক্রমের অংশ হিসাবে আমাদের এই চেকপোস্ট ও তল্লাশি চলছে। তাছাড়া, ঢাকায় দুটি দলের সমাবেশ রয়েছে। তাই কেউ যেন ঢাকায় প্রবেশ করে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করতে না পারে সেই কারণে তল্লাশি কার্যক্রমে জোর দেওয়া হয়েছে।

অন্যদিকে চেকপোস্টে তল্লাশি কার্যক্রম পরিচালনার সময় ৬৪ বোতল ফেন্সিডিলসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। জব্দ করা হয়েছে সংবাদপত্র পরিবহনের কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস।

এ বিষয়ে ওসি বলেন, সকালে সন্দেহ হলে 'সংবাদপত্র' পরিবহনের কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস চেকপোস্টে থামানো হয়। গাড়ি তল্লাশি করে ৬৪ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়, পাশাপাশি দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।