সারা বাংলা

শিশুকে বাঁচাতে ব্রেক, ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত ২

গাইবান্ধার গোবিন্দগঞ্জে হঠাৎ রাস্তার মাঝখানে চলে আসে একটি শিশু। এসময় শিশুটিকে বাঁচাতে দ্রুত ট্রাক ব্রেক করেন মজনু মিয়া (৪০)। কিন্তু ততক্ষণে পেছন থেকে আসা বিআরটিসির একটি বাস ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মজনু মারা যান। গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হলে মারা যান মমিনুর (২৫) নামের বাসযাত্রী।

শনিবার (৩০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের ফাঁসিতলা এলাকার লাল মসজিদ নামক স্থানে দুর্ঘটনা ঘটে। 

নিহত মজনু মিয়ার বাড়ি গোবিন্দগঞ্জ উপজেলায় বলে জানা গেছে। অপর নিহত বাসযাত্রীর নাম মমিনুর। তবে তার ঠিকানা জানা যায়নি। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা-রংপুর মহাসড়কের ফাঁসিতলা থেকে একটি বালুবাহী ড্রাম ট্রাক (বগুড়া-ট ১১-২৭০২) গোবিন্দগঞ্জের দিকে যাচ্ছিল। ট্রাকটি লাল মসজিদ নামক স্থানে পৌঁছালে হঠাৎ একটি শিশু দৌঁড়ে মহাসড়কের মাঝখানে চলে আসে। শিশুটিকে বাঁচাতে বালুবাহী ট্রাকটির চালক দ্রুত ব্রেক করেন। কিন্তু ততক্ষণে যশোর থেকে রংপুরের উদ্দেশ্যে আসা বিআরটিসির যাত্রীবাহী বাস (ঢাকা মে‌ট্রো-ব ১৫-৫৪৪৫) পেছন থেকে ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে বাসটি দুমড়ে- মুচড়ে যায় এবং ট্রাক চালক মজনু ঘটনাস্থলেই মারা যান।

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ আরিফ আনোয়ার বলেন, ‘আমরা ৫টার দিকে দুর্ঘটনার খবর পাই। স্থানীয়রা জানিয়েছেন, একটি শিশুকে বাঁচাতে গিয়ে ড্রাম ট্রাকটি ব্রেক করেছিল। এসময় পেছন থেকে বিআরটিসির বাস এসে ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক মারা যান। এ ঘটনায় ৫ জন গুরুতর আহত হন। তাদের মধ্যে মমিনুর নামে গুরুতর আহত একজন গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে মারা যান।’