সারা বাংলা

হানিফ পরিবহনের চালক ও সুপারভাইজার ১০ কেজি গাঁজাসহ আটক

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ঢাকাগামী হানিফ পরিবহনের চালক দেলোয়ার হোসেন (৩২) ও সুপারভাইজার জাহাঙ্গীর আলম (২৪) কে ১০ কেজি গাঁজাসহ আটক করেছে পুলিশ। 

বুধবার (২৪ জানুয়ারি) রাতে ভূরুঙ্গামারীর জয়মনিরহাট বাজার থেকে তাদেরকে আটক করে ভূরুঙ্গামারী থানা পুলিশ। 

আটককৃত বাসচালক দেলোয়ার হোসেন ভূরুঙ্গামারী উপজেলার সদর ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামের আকবর আলীর ছেলে। সুপারভাইজার জাহাঙ্গীর আলম রংপুরের কাউনিয়া উপজেলার শহীদবাগ ইউনিয়নের সাপদি গ্রামের হযরত আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন ভুরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন। 

পুলিশ জানায়, বুধবার রাত সোয়া ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জয়মনিরহাট বাজারে ভূরুঙ্গামারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী হানিফ পরিবহনের নৈশকোচে (ঢাকা মেট্রো-ব ১৪- ৮৭৫২) অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। এসময় বাসটির চালক ও সুপারভাইজার দুজনে গাঁজা পরিবহন করার দায় স্বীকার করলে বাসটিসহ তাদেরকে আটক করে থানায় নিয়ে আসা হয়। 

ওসি রুহুল আমিন জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব‍্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আজ বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হবে।