বান্দরবানের বিভিন্ন স্থান থেকে ডাকাত চক্রের মূলহোতাসহ সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে চারটি মোটরসাইকেল, পাঁচটি মোবাইল ফোন ও ডাকাতিকালে ব্যবহৃত একটি পোর্টেবল স্টিক উদ্ধার করা হয়।
রবিবার (২৬ জানুয়ারি) দুপুরে বান্দরবান পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওছার এসব তথ্য জানান।
গ্রেপ্তার সাতজন হলেন- মো. খায়রুল আমিন (২১), জাহিদুল ইসলাম মানিক (২২), মো. সালাউদ্দিন (২৫), মো. দিদার (২৫), হাবিবুর রহমান (২০), আনোয়ার হোসেন (২৫) ও আবু শরীফ (২২)। তারা সবাই বান্দরবান জেলার লামা ও কক্সবাজার জেলার চকরিয়া এলাকার বাসিন্দা।
সংবাদ সম্মেলনে বান্দরবান পুলিশ সুপার শহিদুল্লাহ কাউছার বলেন, “গত ৪ জানুয়ারি ইফসা এনজিও কর্মীকে থামিয়ে ডাকাত দলের সদস্যরা নগদ টাকা, মোবাইল ফোনসহ মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে যায়। সে অভিযোগের প্রক্ষিতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পৃথক জায়গা থেকে চকরিয়া লোহাগাড়াসহ আশপাশের এলাকায় মূলহোতাসহ সাত সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ।”
পুলিশ সুপার আরও বলেন, “বান্দরবানের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করে যাচ্ছে। এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”