ঢাকা-কুয়াকাটা মহাসড়কের বরগুনার আমতলী উপজেলার সাহেব বাজার সংলগ্ন রহমত ফিলিং স্টেশনের কাছে দ্রুত গতির একটি বাস মাহিন্দ্রা ও একটি মোটরসাইকেলকে ধাক্কা দিয়েছে। এ ঘটনায় নিহত হয়েছেন তিনজন। আহত একজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ২টার দিকে দুর্ঘটনাটি ঘটে বলে জানান আমতলী থানার ওসি মো. আরিফুর রহমান।
নিহত তিনজনের মধ্যে দুই জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- মোটরসাইকেল চালক শহিদুল ইসলাম (৬০) ও আবিদ (৭)। শহিদুল ইসলাম গুলিশাখালী ইউনিয়নের খেকুয়ানির ডালাচোরা গ্রামের বশীর হাজির ছেলে এবং আবিদ চাওড়া ইউনিয়নের লোদা গ্রামের হিমু আকনের ছেলে।
এলাকাবাসীর বরাত দিয়ে ওসি আরিফুর রহমান বলেন, “ঢাকা থেকে ছেড়ে আসা ইউনিক পরিবহন (ঢাকা মেট্রো-ব- ১৪-৮৭৮১) বেপরোয়া গতিতে আমতলীর কুকুয়া ইউনিয়নের সাহেব বাজার এলাকার কাছাকাছি রহমত ফিলিং স্টেশনের সামনে আসে। বাসটি আমতলী থেকে ছেড়ে আসা একটি মাহিন্দ্রাকে ধাক্কা দেয়। এতে মাহিন্দ্রাটি ছিটকে সড়কের পাশে পড়ে যায়। মাহিন্দ্রার পেছনে থাকা মোটরসাইকেলটিকেও ইউনিক পরিবহনের বাসটি ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মোটরসাইকেলটির চালক মারা যান। এলাকাবাসী আহতদের আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মাহিন্দ্রার থাকা একজন মারা যান। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে অপর একজনের মৃত্যু হয়।”
তিনি আরো বলেন, “সড়ক দুর্ঘটনা সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এঘটনায় তিনজন নিহত ও একজন আহত হয়েছে। এলাকাবাসী ঘাতক বাস আটক করে। আমরা আমতলী থানায় বাসটি নিয়ে এসেছি। বাসটির চালক ও হেলপারকে আটক করা সম্ভব হয়নি।”