সারা বাংলা

কালীগঞ্জের ৩ আওয়ামী লীগ নেতা ঢাকা কারাগারে

বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর হামলায় সহায়তার অভিযোগে আওয়ামী লীগের কালীগঞ্জের তিন নেতাকে উত্তরা থেকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) তাদের ঢাকা চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে, সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উত্তরা ৯ নম্বর সেক্টরের একটি কফিশপ থেকে তাদের গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর হামলায় সহায়তাকারী ও আ.ক.ম মোজ্জামেল হকের ঘনিষ্ঠ আওয়ামী লীগের তিন নেতাকে গোপন তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে।

অপারেশন ‘ডেভিল হান্ট’-এর আওতায় গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগের ওই তিন নেতা হলেন- গাজীপুর জেলা আওয়ামী লীগের সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল গনি ভূঁইয়া, কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মোক্তারপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলাম সরকার তরুণ এবং মোক্তারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি বদরুজ্জামান খান অরুণ।