রংপুরের মিঠাপুকুরে বাসের ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুজন। বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার গোপালপুর ইউনিয়নের রাঙ্গাপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল্লাহ বিন রুহান (১২) শালটিপাড়া সামিল গ্রামের আখতারুল ইসলামের ছেলে। মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘‘পীরগঞ্জের খালাসপীর থেকে ছেড়ে আসা একটি পিকনিকের বাস রাঙ্গাপুকুর এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় অটোরিকশায় থাকা শিশু রুহান। এ ঘটনায় আহত হয়েছেন রুহানের মা ও অটোরিকশাচালক।’’