সারা বাংলা

কীর্তনখোলায় তেলবাহী ট্রলার বিস্ফোরণ, দগ্ধ ৪

বরিশালের কীর্তনখোলা নদীতে তেলবাহী ট্রলার বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডে ৪ জন দগ্ধ হয়েছেন। বুধবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে নগরীর ত্রিশ গোডাউন এলাকায় যমুনা অয়েলের ডিপোতে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- রুবেল, সম্পদ, মানিক ও মান্না। এর মধ্যে, দুজনের অবস্থা আশঙ্কাজনক।

আমজাদ হোসেন নামের এক শ্রমিক বলেন, ‘‘নোয়াখালীর হাতিয়া থেকে তেল নেওয়ার জন্য বরিশাল এসেছিলাম। বিকেলে ত্রিশ গোডাউন এলাকায় যমুনা অয়েলের ডিপোতে ডিজেল, পেট্রোল ও অকটেন নেওয়ার জন্য ট্রলার নোঙর করা হয়। সন্ধ্যার দিকে হঠাৎ ট্রলারে বিস্ফোরণের পর আগুন ধরে যায়। এ সময় ট্রলারে থাকা বাকিরা সাঁতরে তীরে উঠলেও দগ্ধ হন ৪ জন।’’

বরিশাল সদর ফায়ার স্টেশনের স্টেশন অফিসর সুমন বলেন, ‘‘খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।’’

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকেরা জানান, অগ্নিদগ্ধদের চিকিৎসা চলছে। তবে, দুজনের অবস্থা আশঙ্কাজনক।