বগুড়ার শিবগঞ্জে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে শহীদ মিনারে ফুল দিয়ে ফেরার পথে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হয়েছেন উপজেলা নাগরিক ঐক্যের আহ্বায়ক শহীদুল ইসলাম।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে শিবগঞ্জ উপজেলা পরিষদের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ফেরার পথে তার বাম চোখের কোণে এবং কোমরে ছুরিকাঘাত করা হয়। বর্তমানে তিনি শঙ্কামুক্ত রয়েছেন।
আহত নাগরিক ঐক্যের নেতা শহীদুল ইসলাম বলেন, “কে ছুরিকাঘাত করেছে তা ওই সময় বুঝতে পারিনি। তবে আমাদের দলের লোকেরা খোঁজ-খবর নিচ্ছে।”
খবর পেয়ে রাতেই শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মো. তাসনিমুজ্জামান, শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান শাহীন তাকে দেখতে হাসপাতালে যান। নাগরিক ঐক্যের নেতারা এ ঘটনার জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুজ্জামান শাহীন বলেন, “ঘটনার পর তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তিনি শঙ্কামুক্ত রয়েছেন। ঘটনার সাথে কারা জড়িত এ সংক্রান্ত কোন নাম আমাদের কাছে তারা বলেনি। এখনও কেউ থানায় অভিযোগ দেয়নি। তবে আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি।”