ব্রাহ্মণবাড়িয়া জেলা যুব মহিলা লীগের সহ-সভাপতি উম্মে হানি সেতুকে গ্রেপ্তার করছে পুলিশ। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে ঢাকার ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শনিবার (১ মার্চ) সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের একটি দল সেতুক ধানমন্ডি থানা থেকে ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে আসে। সেতু ব্রাহ্মণবাড়িয়া জেলা যুব মহিলা লীগের প্রভাবশালী নেত্রী। তিনি গত উপজেলা পরিষদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ধানমন্ডি থানা পুলিশের একটি দল শুক্রবার রাতে ধানমন্ডি এলাকা থেকে সেতুকে গ্রেপ্তার করে। পরে তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর মডল থানার কাছে হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে দুটি নাশকতার মামলা ও বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের উপর হামলা ও মারধরের অভিযোগে একটি মামলা রয়েছে।
শনিবার দুপুরে সেতুকে ব্রাহ্মণবাড়িয়া আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।