ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে দফায় দফায় সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে।
সোমবার (১০ মার্চ) দুপুরে উপজেলার চাপরতলা ইউনিয়নের চাপরতলা গ্রামে এই সংঘর্ষ হয়। এ সময় অন্তত ১০ বাড়ি ভাঙচুর করা হয়। সংর্ঘষের ঘটনায় আহতদের মধ্যে ৭ জনকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার (৮ মার্চ) চাপরতলা গ্রামে ফুটবল খেলা নিয়ে ফকির গোষ্ঠীর বাবুর সঙ্গে একই গ্রামের মোল্লাবাড়ি গোষ্ঠীর আকাশের বাদানুবাদ হয়। পরে তা ঝগড়াতে রূপ নেয়। এ নিয়ে রোববার (৯ মার্চ) প্রথম দফায় তাদের মধ্যে সংঘর্ষ হয়। এতে ফকির গোষ্ঠী ও মোল্লাবাড়ি গোষ্ঠীর অন্তত ১০ জন আহত হয়। এরই জের ধরে আজ সোমবার দুপুরে দ্বিতীয় দফায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ফের সংঘর্ষে লিপ্ত হয় উভয় গোষ্ঠীর লোকজন। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন।
পুলিশ জানায়, মোল্লা গোষ্ঠীর মো. সাজু ও ফকির গোষ্ঠীর আহাদ মিয়ার নেতৃত্বে এই সংঘর্ষ হয়। খবর পেয়ে নাসিরনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ সংঘর্ষের ঘটনায় সন্ধ্যার পর দুই পক্ষেই থানায় মামলা জমা দিয়েছে।