কুষ্টিয়ায় গলায় গামছা প্যাঁচানো অবস্থায় ছুরমান আলী (৩৫) নামে এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ছুরমানের স্বজনদের অভিযোগ, প্রতিবেশীর বাড়িতে চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাকে ডেকে নিয়ে নির্যাতন চালিয়ে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে শহরের চর থানাপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার হয়।
ছুরমান আলী চরথানাপাড়া এলাকার কালাম হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ছুরমান আলীর সঙ্গে প্রতিবেশী আবদুল হাকিমের বিরোধ চলছিল। ওই প্রতিবেশীর বাড়িতে চুরির ঘটনার জড়িত থাকার অভিযোগ তুলে ১০ থেকে ১২ জন ছুরমানকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। ভোরে এক প্রতিবেশীর ঘরের পাশে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় তার নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়।
কুষ্টিয়া মডেল থানার ওসি মোশাররফ হোসেন বলেন, “ছুরমানকে চুরির অভিযোগে নির্যাতন করে মারা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তার শরীরে নির্যাতনের চিহ্ন রয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।