কর্ণফুলী নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের বিজু উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।
শনিবার (১২ এপ্রিল) সকালে কাপ্তাই উপজেলার বরইছড়িতে কর্ণফুলী কলেজ সংলগ্ন এলাকায় কর্ণফুলী নদীতে ফুল ভাসানোর মাধ্যমে এই উৎসবের সূচনা হয়।
এতে কাপ্তাইয়ের তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের শতাধিক তরুণ-তরুণী নিজেদের ঐতিহ্যবাহী পোশাক পরে উৎসবে অংশ নেন।
এ উপলক্ষে কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়িতে এক আনন্দ শোভাযাত্রা বের করা হয়। এতে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বরূপ মুহুরী, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. দিলদার হোসেন, ওয়াগ্গা মৌজার হেডম্যান অরুণ তালুকদার, বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থা কাপ্তাই অঞ্চল কমিটির নেতৃবৃন্দসহ পাহাড়ি-বাঙালী নির্বিশেষে শোভাযাত্রায় অংশ নেন।
এদিকে আজ শনিবার থেকে কাপ্তাইয়ের রাইখালী, চিৎমরম, চন্দ্রঘোনা, ওয়াগ্গাসহ বিভিন্ন এলাকায় বাংলা নববর্ষকে বরণের লক্ষ্যে বিজু, সাংগ্রাই উৎসব পালনের নানা প্রস্তুতি চলছে।