মুন্সীগঞ্জের গজারিয়ায় গাড়ির ধাক্কায় ফরহাদ উদ্দিন ভুইয়া (৩৫) নামে একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তবে ঘাতক গাড়িটির পরিচয় জানতে পারেনি পুলিশ।
শনিবার (৩ মে) সকাল ৭ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভবেরচর এলাকায় ঢাকামুখী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফরহাদ উদ্দিন ভুইয়া কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার দুলালপুর গ্রামের কাশেম ভুইয়ার ছেলে।
ভবেরচর হাইওয় পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ (শনিবার) সকালে ফরহাদ উদ্দিন ভুইয়া কুমিল্লার দিক থেকে মোটরসাইকেলে ঢাকার দিকে যাচ্ছিলেন। সকাল ৭টার দিকে ভবেরচর এলাকায় পৌঁছালে পিছন থেকে একটি গাড়ি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং চালক প্রায় ১৫ ফুট দূরে গিয়ে ছিটকে পড়েন। প্রচণ্ড আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেছে পুলিশ। বর্তমানে নিহতের লাশ ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি পুলিশ ফাঁড়িতে রয়েছে। ঘাতক গাড়িটি শনাক্ত করার চেষ্টা করছি। আইনি ব্যবস্থা প্রক্রিয়ধীন।”