সারা বাংলা

ফরিদপুরে জব্দ বাসে আগুন, তদন্তে পুলিশ

ফরিদপুরের কানাইপুর ইউনিয়নের করিমপুর হাইওয়ে থানা সংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কে জব্দ করা একটি বাসে রহস্যজনকভাবে আগুন লেগেছে। 

শনিবার (১৯ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটলেও আগুনের সূত্রপাতের কারণ এখনো অজানা।

করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী জানান, ফরিদপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে রাত ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার কারণ সম্পর্কে কিছু জানাতে পারেনি পুলিশ।

জানা যায়, আরএসএফ পরিবহনের ওই বাসটি ঈদুল আযহার আগে মধুখালীতে একটি সড়ক দুর্ঘটনায় পড়লে সেটি জব্দ করা হয়। এরপর বাসটি থানা থেকে প্রায় দেড়শ’ গজ দূরে মহাসড়কের পাশে রাখা ছিল। 

ওসি সালাউদ্দিন জানান, মালিকপক্ষ বাসটির তদারকির জন্য লোক নিয়োগ করেছিল, কিন্তু শনিবার দুপুর থেকে তারা সেখানে উপস্থিত ছিলেন না।

ওসি আরও জানান, আগুনের ঘটনায় কোনো দুর্বৃত্তের সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনার কারণ উদঘাটনে তদন্ত চলমান রয়েছে।