শরীয়তপুরে নড়িয়ায় বিএনপির পূর্বঘোষিত সমাবেশ স্থলে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এতে এলাকাজুড়ে আতঙ্ক দেখা দিয়েছে।
রবিবার (২০ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে পৌরসভার মাদবর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় বিএনপি ও পুলিশ সূত্রে জানা যায়, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মহিউদ্দিন আহমেদ জিন্টুর নেতৃত্বে তার নেতাকর্মী এবং উপজেলা বিএনপির একটি অংশ সমাবেশের আয়োজন করে। তাদের পূর্বঘোষিত সমাবেশটি নড়িয়া পৌরসভার মাদবর বাজার এলাকায় রবিবার দুপুরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এদিকে, সকালে সমাবেশ স্থলে দুই দফায় ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এ ঘটনায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের আলামত উদ্ধার করেছে পুলিশ। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নড়িয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলী হায়দার খান বলেন, “আমাদের শান্তিপূর্ণ সমাবেশ বানচাল করতে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে। আমরা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।”
এ বিষয়ে শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) ড. আশিক মাহমুদ বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এছাড়া এলাকার নিরাপত্তার কথা ভেবে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”