সারা বাংলা

হবিগঞ্জে পাহাড়ি ঢলে সেতু ভেঙে দুর্ভোগ

পাহাড়ি ঢলে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রাণাগাঁও-গরমছড়ি সড়কের মাইজ গাঙ্গের কাঠের সেতু ভেঙে গেছে। ররিবার (২০ জুলাই) ভোরে আকস্মিক ঢলের স্রোতে সেতুটি ভেঙে পাশের ধানক্ষেতে আটকে যায়। এর ফলে গরমছড়িসহ আশপাশের কয়েকটি গ্রামের সঙ্গে চুনারুঘাট শহরের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এতে স্থানীয় বাসিন্দারা দুর্ভোগে পড়েছে।

স্থানীয় শিক্ষার্থী শিপন মিয়া জানান, পাহাড়ি ঢলে সেতুটি ভেসে গেছে। সেতুর কাঠের অংশটি ধানক্ষেতে আটকে আছে। এ সেতুটিই ছিল এলাকার একমাত্র যাতায়াত মাধ্যম। এ সেতু দিয়ে ইউনিয়ন পরিষদ অফিস, বাজার আর শহরে যাওয়া হতো। জরুরি প্রয়োজনে কেউ বের হলে দুর্ভোগে পড়তে হচ্ছে।

সেতু ভেঙে যাওয়ায় উৎপাদিত সবজি ও খাদ্যপণ্য বিক্রির জন্য বাজারে নেয়া যাচ্ছে না। এতে স্থানীয় কৃষকেরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। 

চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া জানান, সেতুটি ভেঙে যাওয়ার বিষয়টি জেনেছেন। সেখানে একটি নতুন সেতু নির্মাণের প্রকল্প প্রস্তাবনা আগেই পাঠানো আছে। দরপত্র প্রক্রিয়া শেষে শিগগির কাজ শুরু হবে বলে জানান তিনি।