ঝিনাইদহে ট্রাকচাপায় নাসরিন সুলতানা (৪৩) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার স্বামী।
বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত নাসরিন সুলতানা জেলার হরিণাকুণ্ডু উপজেলার মকিমপুর গ্রামের আমিরুল ইসলামের (৫০) স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা ৭টার দিকে নাসরিন তার স্বামী আমিরুলের সঙ্গে মোটরসাইকেলযোগে ভাটই বাজার থেকে আমতলা বাজারের দিকে যাচ্ছিলেন। পথে কুষ্টিয়া থেকে ঝিনাইদহগামী একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দেয়। এতে নাসরিন সড়কে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় আহত হয়েছেন তার স্বামী। তবে, তার অবস্থা গুরুতর নয়।
আরাপপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মৃত্যুঞ্জয় বিশ্বাস বলেন, ‘‘নিহতের মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে।’’