বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “আগামী বছরের প্রথমার্ধেই জাতীয় নির্বাচন হতে হবে। কোনো অপরিপক্ক বা প্রহসনের নির্বাচন জনগণ আর মেনে নেবে না”
বুধবার (২৩ জুলাই) সিলেটের বিয়ানীবাজার পৌর শহরে আয়োজিত জনশক্তি ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ড. শফিকুর রহমান বলেন, “নির্বাচন হতে হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও পেশিশক্তি মুক্ত। প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত না হলে এই নির্বাচনও ব্যর্থ হবে।” প্রবাসীরা যাতে বিদেশে বসেই ভোট দিতে পারেন, সে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
জামায়াতের আমির বলেন, “গত ৫৪ বছরে চারিত্রিক সম্পদের অভাবে এ দেশ গঠন হয়নি। যারা ক্ষমতায় আসেন, তারা জনগণের স্বার্থের বদলে নিজেদের স্বার্থকেই বড় করে দেখেন। তারা দুদককে ভয় পেলেও আল্লাহকে ভয় করেন না। যদি আল্লাহকে ভয় করতেন, তবে দেশ অনেক দূর এগিয়ে যেত।”
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধভাবে বিদেশে অর্থ পাচার প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, “যে বিপুল অর্থ পাচার হয়েছে, তা দেশে থাকলে আর কোনো অর্থনৈতিক সংকট থাকত না।”
‘ফ্যাসিবাদবিরোধী বিপ্লব’ প্রসঙ্গে তিনি বলেন, “এই বিপ্লব কারো একক কৃতিত্ব নয়। এর কোনো নির্দিষ্ট মাস্টারমাইন্ড নেই। সবাই মিলে এই বিপ্লব ঘটিয়েছেন। সবাই মিলে তাই গড়ে তুলতে হবে সুখি ও সমৃদ্ধ বাংলাদেশ।”
বিয়ানীবাজার উপজেলা ও পৌর জামায়াত এই সমাবেশের আয়োজন করে। উপজেলা জামায়াতের আমির মাওলানা ফয়জুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি কাজী আবুল কাশেম, পৌর আমির কাজী জমির হোসাইনসহ দলটির নেতাকর্মীরা।