সারা বাংলা

স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক লিটন সিকদার লিটুকে কুপিয়ে হত্যা মামলার দুই নম্বর আসামি মিলন গাজীকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। 

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহায়তায় শনিবার (২৩ আগস্ট) সকালে ঢাকার উত্তরখান থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। 

এর আগে লিটন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মূল হামলাকারীসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে এ মামলায় সাতজনকে গ্রেপ্তার করা হলো। 

পারিবারিক বিরোধের জের ধরে গত ৩১ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যার পর বরিশাল সদর উপজেলার কাশিপুরের বিল্লবাড়ি এলাকায় নিজ বাড়িতে কুপিয়ে হত্যা করা হয় বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক লিটন সিকদার লিটুকে। মৃত্যু নিশ্চিত করতে লিটন সিকদারের হাত-পায়ের রগ কেটে দেওয়া হয়। লিটুকে বাঁচাতে গেলে তার ছোট ভাই ও বোনকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পাশাপাশি বসতঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। লিটন সিকদার লিটু ওই গ্রামের নজির সিকদারের ছেলে। 

এ ঘটনায় লিটনের বোন মুন্নি বেগম বাদী হয়ে ৩১ জুলাই রাতে বরিশাল বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পরপরই মূল হামলাকারীসহ ছয়জনকে গ্রেপ্তার করে পুলিশ। 

বরিশাল মেট্রপলিটন বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জকির সিকদার বলেছেন, “লিটু হত্যার মামলায় এখন পর্যন্ত ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত আছে।”