সারা বাংলা

লক্ষ্মীপুরে জেলেকে রাতভর নির্যাতন, গ্রেপ্তার ২

লক্ষ্মীপুরের কমলনগরে মাছ ধরতে নৌকায় না যাওয়ায় মো. জসিম (৪০) নামের এক জেলেকে রাতভর অমানবিক নির্যাতন চালিয়েছে একদল যুবক। ওই নির্যাতনের ভিডিও নিজেরাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় অভিযুক্তরা। 

ভিডিওটি পুলিশের নজরে এলে, জেলা পুলিশ সুপারের নির্দেশে সোমবার (২৫ আগস্ট) রাতে কমলনগর থানা পুলিশ অভিযান চালিয়ে দুই জনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন- চরফলকন ইউনিয়নের শফি উল্লাহ মাঝির ছেলে মো. লাদেন (১৯) ও দুলাল মাঝির ছেলে রাকিব।

এর আগে, গত রোববার (২৪ আগস্ট) রাতে উপজেলার মাতাব্বর হাট এলাকার মেঘনা নদীর তীর রক্ষা বাঁধের পাশে এ নির্যাতনের ঘটনা ঘটে। অভিযোগ, লাদেন, ফিরোজ ও বিক্রমসহ ৮-১০ জন যুবক মিলে চুরির অপবাদ দিয়ে জসিমকে বেঁধে রাতভর নির্যাতন চালায়।

ভিডিওতে দেখা যায়, ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং কোম্পানির ব্লকের চিপায় ফেলে জসিমকে হাত-পা বেঁধে গোপনাঙ্গসহ শরীরের বিভিন্ন অংশে পেটানো হয়। মাথা ব্লকের নিচে রেখে পা উপরের দিকে তুলে চালানো হয় পাশবিক নির্যাতন।

‎খোঁজ নিয়ে জানা যায়, মাকছুদ মাঝির নৌকায় মাছ ধরতে না যাওয়ায় তার নির্দেশে গভীর রাতে আপেল মাঝির নৌকা থেকে জসিমকে তুলে নিয়ে যায় অভিযুক্তরা। ভোর রাত পর্যন্ত নির্যাতন চালায় তারা। পরে এলাকাবাসী সকালে জসিমকে অচেতন অবস্থায় উদ্ধার করে কমলনগর স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। 

‎হাসপাতালে চিকিৎসাধীন নির্যাতিত মো. জসিম জানান, মাকছুদ মাঝির নৌকায় মাছ ধরতে না যাওয়ায় গভীর রাতে সোহেল, সিরাজ, রাকিব ও বিক্রম তার হাত-পা বেঁধে মাকছুদের নৌকার পাঠাতানের কাঠ দিয়ে বেধড়ক মারধর করেন। এছাড়াও তার গোপনাঙ্গে ইট বেঁধে রাখেন এবং মুখে সিগারেটের আগুনের ছ্যাঁকা দেন। 

এভাবে সারা রাত নির্যাতন করে সকালে আবারও হাত-পা বেঁধে ব্লকের নিচে রেখে কাঠ দিয়ে অমানবিক নির্যাতন করেন। অনেক কাকুতি-মিনতি এবং চিৎকার করলেও তারা নির্যাতন বন্ধ করেননি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

‎কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, “এ ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”