সারা বাংলা

রাজশাহীতে ফাঁকা বাড়িতে বৃদ্ধাকে গলাকেটে হত্যা

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ফাঁকা বাড়িতে এক বৃদ্ধাকে গলাকেটে হত্যা করা হয়েছে। শনিবার (৩০ আগস্ট) রাতে উপজেলার পালপুর মালিগাছা গ্রাম থেকে নজরুল ইসলামের স্ত্রী মারেজান বেগমের (৬২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গোদাগাড়ীর প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাকসুদুর রহমান জানান, মারেজান বেগমের মেয়েদের বিয়ে হয়ে গেছে। অসুস্থ ছেলেকে নিয়ে চিকিৎসার জন্য তার স্বামী নজরুল ইসলাম ভারতে গেছেন। মারেজান বেগম বাড়িতে একাই ছিলেন। সন্ধ্যায় এক প্রতিবেশী নারী তার বাড়িতে গিয়ে দেখেন, ঘরে গলাকাটা অবস্থায় মারেজানের মরদেহ পড়ে আছে। 

পরে খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) আলামত সংগ্রহ করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। রবিবার (৩১ আগস্ট) দুপুরে ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। 

পুলিশ পরিদর্শক মাকসুদুর রহমান জানান, শনিবার (৩০ আগস্ট) সকাল ১০টার দিকে ওই নারীকে প্রতিবেশীরা বাড়ির বাইরে দেখেছেন। তারপর তাকে কেউ দেখেননি। ধারণা করা হচ্ছে, সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে তাকে খুন করা হয়েছে। 

কেন এই হত্যাকাণ্ড সেই ব্যাপারে পুলিশ কিছু জানতে পারেননি। এ ব্যাপারে তদন্ত চলছে। নিহতের মেয়ে বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে গোদাগাড়ী থানায় হত্যা মামলা করেছেন।