সারা বাংলা

চাচার শাবলের আঘাতে জামায়াত নেতার মৃত্যু, আটক ২

লক্ষ্মীপুরের রামগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে চাচা কামাল হোসেনের হামলায় সানোয়ার হোসেন (৩০) নামে এক জামায়াত নেতার মৃত্যুর অভিযোগ উঠেছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ব্রহ্মপাড়া গ্রামের করাতি বাড়তে এ ঘটনা ঘটে।

নিহত সানোয়ার একই ইউনিয়নের জামায়াতের ৪ নম্বর ওয়ার্ড সভাপতি। ঘটনার সময় সানোয়ারকে বাঁচাতে এলে হামলায় তার মা হাসিনা বেগম ও ছোট ভাই আরিফ হোসেন আহত হন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কামাল ও তার ভাতিজা সানোয়ারদের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। শনিবার দুপুরে সানোয়ার পুকুর ঘাটে গেলে চাচা ও চাচাতো ভাইদের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে লাঠি ও শাবল দিয়ে সানোয়ারের ওপর হামলা চালায় তারা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের স্ত্রী আরজিনা আক্তার তন্বী বলেন, ‘‘চিৎকার শুনে ছুটে গিয়ে দেখি সানোয়ার রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছেন। আমার শাশুড়ি ও দেবরকেও মারধর করা হয়েছে।’’

আহত হাসিনা বেগম হাসপাতালে গণমাধ্যমকে বলেন, ‘‘কামাল ও তার ছেলেরা প্রায়ই আমাদের ওপর হামলা করে। এবার আমার ছেলেকে মেরে ফেলেছে। আমি এ ঘটনার বিচার চাই।’’

উপজেলা জামায়াতের আমির নাজমুল হাসান পাটোয়ারী বলেন, ‘‘পারিবারিক দ্বন্দ্বে জামায়াতের ওয়ার্ড সভাপতি সানোয়ারের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’’

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল বারী বলেন, ‘‘ঘটনার সঙ্গে জড়িত দুই জনকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’’