খাগড়াছড়ি ও ফটিকছড়ির সীমান্তবর্তী এলাকা আব্দুল্লাহপুর-নানুপুরে বিশেষ অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ সময় তার কাছ থেকে অস্ত্র, গোলাবারুদ, মাদকসহ বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়।
বুধবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর ২৪ আর্টিলারি ব্রিগেড ও গুইমারা রিজিয়নের আওতাধীন লক্ষীছড়ি জোনের সেনা সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
আটক ব্যক্তির নাম আব্দুল হালিম ইমন (৩৮)। তিনি ফটিকছড়ির আব্দুল্লাহপুর গ্রামের মো. শফির ছেলে।
অভিযানে সেনা টহল দল তল্লাশি চালিয়ে একটি শটগান, থ্রি-নট-থ্রি রাইফেলের দুই রাউন্ড গুলি, পিস্তলের ছয় রাউন্ড গুলি, শটগানের সাত রাউন্ড গুলি, ৭.৬২ মিমি. ব্ল্যাংক অ্যামোনিশন-০১ রাউন্ড, শটগানের ফায়ার করা কার্তুজ ১১ রাউন্ড, অ্যামোনিশন ক্লিপ একটি, ১৪৪ পিস ইয়াবা, নয়টি দেশীয় ধারালো অস্ত্র, দুইটি রামদা, একটি চাইনিজ কুড়াল, ১৫টি মোবাইল ফোন, ২৫টি সিমকার্ড, একটি বডি ক্যামেরাসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করে।
সেনাবাহিনী জানিয়েছে, তাকে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।