গোপালগঞ্জে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুলাল শেখ (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে গোপালগঞ্জ শহরের কাঁচা বাজার ব্রিজের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত দুলাল শেখ গোপালগঞ্জ শহরতলীর ঘোষেরচর উত্তরপাড়া গ্রামের বাদশা শেখের ছেলে। গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মো. সাজেদুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘‘দুলাল মোটরসাইকেলযোগে লঞ্চঘাট থেকে ঘোষেরচরে যাচ্ছিলেন। কাঁচা বাজার ব্রিজের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকায় নেয়ার পথে মারা যান তিনি।’’