সারা বাংলা

ঝিনাইদহে সাপের কামড়ে কলেজছাত্রের মৃত্যু

ঝিনাইদহের শৈলকূপায় সাপের কামড়ে হৃদয় হোসেন (১৮) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

রবিবার (১২ অক্টোবর) রাতে শৈলকূপা উপজেলার আউশিয়া গ্রামে নিজ বাড়িতে হৃদয়কে সাপে কামড় দেয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

আউশিয়া গ্রামের মিল্টন বিশ্বাসের ছেলে হৃদয় হোসেন ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটে দ্বিতীয় বর্ষে পড়তেন।

পুলিশ ও মৃতের স্বজনরা জানিয়েছেন, রাতে নিজ ঘরে  ঘুমিয়ে ছিলেন হৃদয় হোসেন। রাতের কোনো একসময় বিষধর সাপ তাকে কামড় দেয়। পরে টের পেয়ে রাতেই তাকে উদ্ধার করে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন পরিবারের সদস্যরা। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার করেন চিকিৎসক। কুষ্টিয়ায় নেওয়ার পর সোমবার ভোরে মারা যান হৃদয় হোসেন।

শৈলকূপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আল মামুন বলেছেন, রাতে ওই ছাত্রকে হাসপাতালে আনার পর অ্যান্টিভেনম দেওয়া হয়েছিল। তারপরও সুস্থ না হওয়ায় রাতেই তাকে আমরা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার করি।

শৈলকূপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান বলেছেন, সাপের কামড়ে কলেজ শিক্ষার্থী হৃদয় হোসেনের মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি। চিকিৎসকদের সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে। মৃতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না পাওয়ায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।