মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় ফারহানা ওয়াহিদা অমি (২৬) নামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার ফতেপুর ব্রিজের কাছে দুর্ঘটনায় মারা যান তিনি।
অমি মেহেরপুর শহরের পুরাতন পোস্ট অফিসপাড়ার আব্দুল ওয়াহেদ চঞ্চলের মেয়ে। তিনি কুতুবপুর স্কুল এন্ড কলেজের গণিত শিক্ষক রাইনুল ইসলামের স্ত্রী।
স্থানীয় সূত্র জানায়, সকালে রাইনুল মোটরসাইকেলে স্ত্রী অমিকে নিয়ে মেহেরপুর সদর উপজেলার রামদাসপুরে নিজ বাড়িতে যাচ্ছিলেন। ফতেপুর এলাকায় পৌঁছালে একটি বালুভর্তি ট্রাককে (ঢাকা মেট্রো-ট ১৮-৪১৭৫) অতিক্রমের চেষ্টা করেন রাইনুল। মোটরসাইকেলটি পাশের ইটের গাদায় (স্তূপে) ধাক্কা দিয়ে সড়কে পড়ে যায়। এ সময় ট্রাকের নিচে পড়ে অমির মৃত্যু হয়।
মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেজবাহ উদ্দিন আহমেদ জানান, মারা যাওয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রাক ও ট্রাক চালককে আটকের চেষ্টা চলছে।