জাতীয় পার্টির (জাপা) সাবেক মহাসচিব এবং বর্তমান আনিসুল ইসলাম মাহমুদ পক্ষের নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক চুন্নুর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। তিনি কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।
মনোনয়নপত্র বাতিলের কারণ হিসেবে মুজিবুল হক চুন্নু সমর্থিত জাপার একাংশের মহাসচিব রুহুল আমীন হাওলাদারের স্বাক্ষর জটিলতা ও রুপালী ব্যাংকের ঋণখেলাপি উল্লেখ করা হয়েছে।
রবিবার (৪ জানুয়ারি) জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাইয় শেষে তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আসলাম মোল্লা বলেন, ‘‘শনিবার কিশোরগঞ্জ-৪, ৫ ও ৬ আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। গতকাল বাতিল করা হয়েছিল ১০ জনের মনোনয়ন। আজ ১, ২ ও ৩ আসনের প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই করা হয়। বাতিল হয়েছে ১৪ প্রার্থীর মনোনয়ন। দুইদিনে জেলায় মোট ২৪ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।’’