কক্সবাজারের টেকনাফে সেন্টমার্টিন দ্বীপের পশ্চিমে বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া একটি ট্রলারে ধরা পড়েছে নাগু মাছ। শনিবার (৩১ জানুয়ারি) সকালে শেখ আহমদের মালিকানাধীন ট্রলারটিতে ধরা পড়া এইসব মাছের ওজর ১১২ মণ। যা ফিসারিজে ২০ লাখ ২৫ হাজার টাকায় কিনে নেন কয়েকজন মৎস্য ব্যবসায়ী।
ট্রলারের মালিক শেখ আহমদ জানান, গত ২৭ জানুয়ারি সকালে ট্রলারটি কায়ুকখালী বোটঘাট থেকে সাগরের উদ্দেশে যাত্রা করে। সেন্টমার্টিনের পশ্চিমে বঙ্গোপসাগরে জাল ফেলে নোঙর করা অবস্থায় ছিল ট্রলারটি। শনিবার সকালে হঠাৎ একটি বড় নাগু মাছের ঝাঁক জালে আটকে পড়ে। মাছের পরিমাণ বেশি হওয়ায় পরে আরেকটি ট্রলারের সহায়তায় সেগুলো শনিবার সন্ধ্যায় টেকনাফ পৌরসভার কায়ুকখালী বোটঘাট সংলগ্ন ফিসারিতে আনা হয়।
তিনি বলেন, “ফিসারিতে তোলার পর মাছগুলোর মোট ওজন দাঁড়ায় ৪ হাজার ৪৮০ কেজি। পরে কয়েকজন মৎস্য ব্যবসায়ীর কাছে এসব মাছ ২০ লাখ ২৫ হাজার টাকায় বিক্রি করা হয়। বিক্রির পর মাছগুলো বরফ দিয়ে সংরক্ষণ করা হয়।”
ট্রলারটির মাঝির দায়িত্বে ছিলেন রহিম উল্লাহ। ট্রলারটিতে ২২ জন মাঝি-মাল্লা ছিলেন। বেশি মাছ ধরা পড়ায় তাদের মাঝে আনন্দ ও উৎসাহ দেখা যায়।
মাছগুলো দেখতে কায়ুকখালী ফিসারিতে মাছ ব্যবসায়ী ও সাধারণ ক্রেতাদের ভিড় জমে। মৎস্য ব্যবসায়ীরা জানান, নাগু মাছ কেজিপ্রতি ৪০০ থেকে ৪৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।