একটি দল জাতীয়তাবাদের কথা বলে, কিন্তু বিদেশি নাগরিকদের নির্বাচনে প্রার্থী করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
তিনি বলেন, “নির্বাচন আসলেই কিছু বিদেশি নাগরিক অতিথি পাখির মতো বাংলাদেশে এসে নির্বাচন করে। নির্বাচন শেষে হলে আবার বিদেশে উড়াল দেবে।”
রবিবার (১ ফেব্রুয়ারি) সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর বিসিক বাসস্ট্যান্ডে নির্বাচনি পথসভায় তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, “আমরা জানি, সিরাজগঞ্জের শাহজাদপুর বাংলাদেশের একটি ঐতিহাসিক অঞ্চল। আপনাদের তাঁতশিল্প ব্রিটিশ ভারত আমলেও খ্যাতি অর্জন করেছে। তবে, বুর্জোয়া শাসনের ফলে আপনারা এর সুফল পাননি। মধ্যস্বত্বভোগীরা আপনাদের পরিশ্রমের ফসল ভোগ করে। আমরা এনসিপির পক্ষ থেকে ওয়াদা করেছি, আমরা নতুন বাংলাদেশে যার পরিশ্রম তাকে মূল্য পাওয়ার ব্যবস্থা করব।”
তিনি বলেন, “এস এম সাইফ মোস্তাফিজ ভাই আপনাদের এলাকার রাস্তাঘাটসহ তাঁতশিল্পের উন্নয়নে সরকারের বিভিন্ন জায়গায় যোগাযোগ করেছেন। দুর্নীতিমুক্ত, চাঁদাবাজমুক্ত, দখলবাজ ও সুশাসন নিশ্চিত করতে হলে শাপলা কলিকে নির্বাচনে ভোট দিয়ে বিজয়ী করতে হবে।”
এনসিপির এই নেতা বলেন, “বাংলাদেশের মানুষ এখন আর ব্যক্তিগত হিসাব করে না, বরং সবাই মিলে কি পাবে সেই হিসাব করে। আপনারা ঋণ খেলাপিদের টাকা নেন, কিন্তু ভোট দেবেন আগ্রাসন বিরোধীদের। আমরা এমন প্রার্থীদের ভোট দেব, যারা আমাদের সুখে-দুঃখে পাশে থাকবে। কোনো বিদেশি নাগরিক ও ঋণ খেলাপিদের ভোট দিয়ে সংসদে পাঠাব না। যারা নির্বাচনে না জিতলে অতিথি পাখির মতো বিদেশে চলে যাবে।”
‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিতে আহ্বান জানিয়ে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, “আমরা আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের বলতে চাই, গণভোটে আপনাদের অবশ্যই হ্যাঁ ভোটকে বিজয়ী করতে হবে। হাসিনার মতো আর কোনো দোসর যাতে বাংলাদেশে না আসে, ফ্যাসিস্ট শাসক যাতে না আসে এ জন্য আপনাদের হ্যাঁ ভোটকে বিজয়ী করতে হবে।”
তিনি অভিযোগ করে বলেন, “আমরা দেখেছি, একটি দলের নেতা মাইকের সামনে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বলছেন, কিন্তু তাদের নেতাকর্মীরা মাঠে ময়দানে ‘না’ ভোটের পক্ষে প্রচার চালাচ্ছেন। ওইদলের নেতাকর্মীরা ‘হ্যাঁ’ ভোট চাইলে তাদের নেতাদের সঙ্গে সুর মিলিয়ে বলবেন, গুপ্ত গুপ্ত। তাদের নেতারা অন্যদলকে মুনাফেক বলে। আমরা তাদের মুনাফেক বলতে চাই না। আশা করছি তারা মুনাফেকি করবে না।”
এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মনিরা শারমিন বলেন, “একটি দল বিদেশি নাগরিক ও ঋণ খেলাফিদের সংসদে পাঠানোর জন্য চেষ্টা করছে। বিদেশি নাগরিক ও ঋণ খেলাপিরা সংসদে গেলে তারা কোনভাবেই ঋণ খেলাপি ও বিদেশি নাগরিকদের বিরুদ্ধে কোনো আইন প্রণয়ন করবে না। তারা দেশের স্বার্থে আইন তৈরি না করে বরং বেগম পড়ার পক্ষে আইন তৈরি করবে। এই বিষয়ে আপনাদের নিজেদেরই সিদ্ধান্ত নিতে হবে।”
পথসভায় আরো উপস্থিত ছিলেন- এনসিপির যুগ্ম সদস্য সচিব ও সিরাজগঞ্জ -৬ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী এস এম সাইফ মোস্তাফিজ, এনসিপির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার, জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম, শাহজাদপুর উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক মিজানুর রহমান, এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাতসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।