বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুরের শ্রীবরদী উপজেলার সেক্রেটারি মাওলানা রেজাউল করিমের পরিবারের সাথে সাক্ষাৎ ও তার কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
রবিবার (১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় শফিকুর রহমান বহনকারী হেলিকপ্টার শ্রীবরদী উপজেলার গোপালখিলা উচ্চ বিদ্যালয় মাঠে অবতরণ করে। এসময় জেলা জামায়াতের সেক্রেটারি ও শেরপুর-৩ আসনের জামায়াতের এমপি প্রার্থী নুরুজ্জামান বাদল ও শ্রীবরদী উপজেলা জামায়াতের নেতৃবৃন্দরা তাকে অভ্যর্থনা জানান।
এরপর তিনি প্রয়াত সেক্রেটারি রেজাউল করিমের কবর জিয়ারত শেষে তার পরিবারের সদস্যদের সাথে কথা বলেন, তাদের খোঁজখবর নেন, স্বান্তনা প্রদান করেন এবং সর্বোপরি ধৈর্যধারণের পরামর্শ দেন। এসময় তিনি রেজাউল করিমের ৩ বছরের কন্যা সন্তানকে কোলে তুলে নেন এবং কান্নায় ভেঙে পড়েন।
এরপর জেলা আমির মাওলানা হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় ডা. শফিকুর রহমান গুরুত্বপূর্ণ সাংগঠনিক ও রাজনৈতিক দিকনির্দেশনা দেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক ড. ছামিউল হক ফারুকী, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মঞ্জুরুল ইসলাম ভূইয়াসহ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা।
গত বুধবার (২৮ জানুয়ারি) শেরপুরের ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসনের আয়োজনে ইশতেহার পাঠ অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম নিহত হন।