নারায়ণগঞ্জের ফতুল্লায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুগল চন্দ্ৰ (৪৮) নামে এক স্কুলশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৩১ জানুয়ারি) রাতে ফতুল্লা থানাধীন পাগলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
যুগল চন্দ্ৰ পটুয়াখালী জেলার মাদারবুনিয়া গ্রামের মৃত কাৰ্ত্তিক চন্দ্র শীলের ছেলে ও পাগলা উচ্চ বিদ্যালয়ের হিন্দু ধর্মীয় শিক্ষক।
মামলার এজাহার সূত্রে জানা যায়, যুগল চন্দ্ৰ পাগলা উচ্চ বিদ্যালয়ের পাশে একটি বাড়িতে ভাড়া থাকেন এবং স্কুলের ক্লাস শেষে ওই বাড়িতেই শিক্ষার্থীদের প্রাইভেট পড়ান। সম্প্রতি তার স্ত্রী আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। এই সুযোগে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে কয়েকদফা ধর্ষণের চেষ্টা করেন। শনিবার ভুক্তভোগী তার মাকে বিষয়টি জানালে থানায় খবর দেওয়া হয়।
পাগলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা সুলতানা বলেন, “যুগল চন্দ্র আমাদের স্কুলের হিন্দু ধর্মীয় শিক্ষক। ধর্ষণচেষ্টার অভিযোগে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। স্কুলের পক্ষ থেকে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হবে।”
ফতুল্লা মডেল থানার ওসি আব্দুল মান্নান বলেন, “ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক যুগল চন্দ্রের বিরুদ্ধে মামলা হয়েছে। তদন্তের পর এ বিষয়ে প্রতিবেদন আদালতে পাঠানো হবে।”