সারা বাংলা

গভীর রাতে বিএনপির নির্বাচনি ক্যাম্পে আগুন

কুষ্টিয়া-৩ (সদর) আসনের বিএনপি প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকারের একটি নির্বাচনি ক্যাম্পে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে অভিযোগ উঠেছে।

শনিবার (৩১ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে সদর উপজেলার বটতৈল ইউনিয়নের টাকিমারায় ১ নম্বর ওয়ার্ড বিএনপির নির্বাচনি ক্যাম্পে এ ঘটনা ঘটে।

ওয়ার্ড বিএনপির সভাপতি চাঁদ মোল্লা বলেন, “রাতের আঁধারে মুখ বাঁধা দুই ব্যক্তি ক্যাম্পে আগুন দেয়। স্থানীয়রা টের পেয়ে তাড়া দিলে তারা মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। আগুনে ক্যাম্পের সব পুড়ে গেছে।”

বটতৈল ইউনিয়ন বিএনপির সভাপতি শাজাহান আলী হান্নান বলেন, “ধারণা করছি, প্রতিপক্ষের লোকজন এই ঘটনা ঘটিয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে। আমরা জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানাচ্ছি “

কুষ্টিয়া মডেল থানার (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, “ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। ঘটনাস্থল থেকে একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।”