সারা বাংলা

জামিনে কারামুক্ত হলেন স্বতন্ত্র প্রার্থী সারোয়ার

ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে স্বতন্ত্র প্রার্থী বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য শাহ শহীদ সারোয়ার কারাগার থেকে মুক্ত হয়েছেন। 

রবিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর শাহ শহীদ সারোয়ারের ভাতিজা মোস্তাফিজ ফকির কারামুক্ত হওয়ার বিষয় জানিয়েছেন। 

মোস্তাফিজ ফকির বলেন, গত বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) উচ্চ-আদালতে শাহ শহীদ সারোয়ারের জামিন আবেদন করলে বিচারক তার মঞ্জুর করেন। আজ রবিবার (১ ফেব্রুয়ারি) বিকালে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। 

গত ২১ জানুযারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ময়মনসিংহ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে শাহ শহীদ সারোয়ার ঘোড়া প্রতীক পান। ওই সময় তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি চালানোর ঘটনায় করা মামলায় কারাগারে বন্দি ছিলেন।

ওই মামলায় গত ২১ ডিসেম্বর ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম‍্যাজিস্ট্রেট ৬ নম্বর আমলী আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন বিএনপি থেকে বহিষ্কৃত এই নেতা। এ সময় আদালতের বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান। 

গত বছরের ১৫ এপ্রিল ময়মনসিংহের চিফ জুডিশিয়াল ম‍্যাজিস্ট্রেট ৬ নম্বর আমলী আদালতে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা ও গুলি বর্ষণের অভিযোগে আমীর হোসেন নামে এক ব‍্যক্তি মামলা করেন।

আমীর হোসেন শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বাগিচাপুর দেবপুর গ্রামের বাসিন্দা। এরপর চলতি বছরের ২৩ জুন আদালতের নির্দেশে ফুলপুর থানা পুলিশ মামলাটি নথিভুক্ত করেন। এ ঘটনার পর থেকে মামলার আসামিরা পলাতক ছিলেন।

মামলার এজাহারে বাদী অভিযোগ করেন, ঘটনার দিন ফুলপুর পৌর এলাকায় শাহ শহীদ সারোয়ারের নেতৃত্বে আসামিরা বিস্ফোরণ দ্রব‍্যাদি এবং আগ্নেয়াস্ত্রে সুসজ্জিত হয়ে বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর হামলা করে ককটেল ও গুলিবর্ষণ করে। এতে বাদী মাথায় গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হয়। 

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য শাহ শহীদ সারোয়ার ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচনে অংশ নিয়ে দল থেকে বহিষ্কৃত হন।