সারা বাংলা

খুলনার উন্নয়নে রূপরেখা তুলে ধরবেন তারেক রহমান, প্রত্যাশা নেতাকর্মীদের

দেশব্যাপী নির্বাচনি প্রচারের অংশ হিসেবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রায় ২২ বছর পর আজ সোমবার (২ ফেব্রুয়ারি) খুলনা সফরে আসছেন। বেলা ১২টায় নগরীর খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির ভাষণ দেবেন তিনি।

সমাবেশে খুলনা, বাগেরহাট এবং সাতক্ষীরা জেলার ১৪টি সংসদীয় আসনে ধানের শীষের প্রার্থীদের ভোটারদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। ইতোমধ্যেই সমাবেশস্থলে আসতে শুরু করেছেন দূর-দূরান্ত থেকে বিএনপির নেতাকর্মীরা।

তারেক রহমান তার ভাষণে খুলনার বন্ধ মিল-কলকারখানা চালু, দক্ষিণাঞ্চলে পাইপ লাইনে গ্যাস, সুন্দরবন কেন্দ্রিক ট্যুরিজম, তথ্য প্রযুক্তি (আইটি) সেক্টরের উন্নয়ন, কর্মসংস্থান, উপকূলীয় অঞ্চলের মানুষের জানমাল রক্ষায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ এবং খুলনার উন্নয়নে রূপরেখা ভোটারদের সামনে তুলে ধরবেন এমনটি প্রত্যাশা করছেন বিএনপির নেতাকর্মীরা। 

সমাবেশে যোগ দিতে আসা বিএনপি কর্মী আব্দুর রহমান শেখ জানান, দুই দশক পর তারেক রহমান আসছেন। এ কারণে তার সমাবেশে যোগ দিতে এসেছেন। খুলনা এবং এই বিভাগেরে উন্নয়নের রূপরেখা তারেক রহমান এই সামাবেশে দেওয়া বক্তব্যে তুলে ধরবেন এমনটি আশা করছেন তিনি। 

খুলনা নগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা বলেন, ‍“তারেক রহমানের খুলনা সফর কেবল একটি নির্বাচনি কর্মসূচি নয়, বরং দলীয় নেতাকর্মীদের মধ্যে সাহস, আত্মবিশ্বাস এবং মনোবল পুনরুদ্ধারের একটি মুহূর্ত। যারা দীর্ঘ বছর ধরে আন্দোলন ও সংগ্রামে নিয়োজিত রয়েছেন, তাদের জন্য এই সফর অনুপ্রেরণার এক নতুন উৎস হিসেবে কাজ করবে। ২২ বছর পর প্রিয় নেতাকে দেখতে পাওয়া আমাদের জন্য আবেগ, গর্ব এবং সম্মানের বিষয়।” 

নগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বলেন, “খুলনা ঐতিহাসিকভাবে বিএনপির একটি শক্তিশালী ঘাঁটি। জাতীয় নির্বাচনের আগে তারেক রহমানের এই সফর দলের রাজনৈতিক কৌশলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা আশা করছি, প্রভাতী স্কুলের সমাবেশে দলীয় কর্মী ও সমর্থকসহ প্রায় ১৫ লক্ষ মানুষ যোগ দেবেন। এই সমাবেশ দক্ষিণাঞ্চলে বিএনপির সাংগঠনিক শক্তি প্রদর্শন এবং ভোটারদের আস্থা পুনরুদ্ধারে একটি মাইলফলক হবে।” 

খুলনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু বলেন, “খুলনা, বাগেরহাট এবং সাতক্ষীরার বিএনপি প্রার্থীরা তাদের পূর্ণ সাংগঠনিক শক্তিকে একত্রিত করে প্রভাতী স্কুলের সমাবেশে যোগ দেবেন।”

তারেক রহমান সবশেষ ২০০৪ সালে খুলনা সফরে এসেছিলেন। সে সময় তিনি শহরের জিয়া হল অডিটোরিয়ামে তৃণমূল পর্যায়ের বিএনপি নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দিয়েছিলেন।