সারা বাংলা

কালিয়ায় অস্ত্রসহ আটক ১

নড়াইলের কালিয়া উপজেলায় অভিযান চালিয়ে ওয়ান শুটার গান ও বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্রসহ কামাল হোসেন মোল্যা (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা।

রবিবার মধ্যরাত থেকে সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত উপজেলার জয়পুর গ্রামে এই অভিযান পরিচালিত হয়। আটক কামাল হোসেন মোল্যা জয়পুর গ্রামের মৃত মহাসীন মোল্যার ছেলে।

পুলিশ জানায়, কালিয়া আর্মি ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জয়পুর গ্রামে রবিবার মধ্যরাত থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত কামাল হোসেন মোল্যার বাড়িতে অভিযান চালায়। তারা কামাল হোসেন মোল্যাকে আটক করেন। এসময় তার কাছ থেকে একটি ওয়ান শুটার গান, একটি রামদা, তিনটি চাপাতি ও দুটি ছুরি উদ্ধার হয়। সকাল সাড়ে ১০টার দিকে উদ্ধার করা অস্ত্রসহ কামাল হোসেন মোল্যাকে কালিয়া থানায় হন্তান্তর করা হয়।

কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ইদ্রিস আলী বলেন, ‍“সেনাবাহিনী অস্ত্রসহ একজনকে আটকের পর থানায় হন্তান্তর করেছে। আটক কামাল হোসেন মোল্যার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে। তাকে আদালতে পাঠানো হবে।”