সারা বাংলা

নির্বাচন থেকে সরে দাড়ালেন পটুয়াখালী-১ আসনের গণ অধিকার প্রার্থী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাড়িয়েছেন পটুয়াখালী-১ আসনের গণ অধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী কৃষিবিদ শহিদুল ইসলাম ফাহিম।

সোমবার (২ ফেব্রুয়ারি) বেলা এগারোটায় সংবাদ সম্মেলন করে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরীর প্রতি পূর্ণ সমর্থন জানান তিনি। বিএনপি প্রার্থীর বাসভবন সুরাইয়া ভিলায় বিএনপি ও গণ অধিকার পরিষদের যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন উপস্থিত ছিলেন। এছাড়া বিএনপি ও গণধিকার পরিষদের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে ফাহিম বলেন, আজ থেকে গণধিকার পরিষদের সর্বস্তরের নেতাকর্মীরা নির্বাচনে বিএনপির প্রার্থীর সহযোগিতায় কাজ করবে। কোনো পক্ষ যাতে কোনো ধরনের অঘটন ঘটাতে না পারে সেদিকেও খেয়াল রাখবে।

গণ অধিকার পরিষদকে স্বাগত জানিয়ে পটুয়াখালী ১ আসনের ধানের শীষের প্রার্থী এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী বলেন, গণ অধিকার পরিষদ এবং বিএনপির একসাথে পথ চলা পটুয়াখালীর রাজনীতিতে নতুন দিগন্ত উন্মোচিত করেছে।