সারা বাংলা

কুষ্টিয়ায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর ১০ বছরের জেল

কুষ্টিয়ার কুমারখালীতে এক গৃহবধূকে গলাটিপে হত্যার দায়ে তার স্বামীকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (২ ফেব্রুয়ারি) বেলা ৩টায় কুষ্টিয়া জেলা ও দায়রা জজ মো. এনায়েত কবির সরকার আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ড পাওয়া শফিকুল ইসলাম (২৭) উপজেলার নন্দলালপুর সোন্দহ গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে শফিকুলের সঙ্গে তার স্ত্রী অন্নি খাতুন সোনালীর দাম্পত্য কলহ দেখা দেয়ে। ২০২২ সালের ১২ ফেব্রুয়ারি মধ্যরাতে সোনালীকে মারধরের একপর্যায়ে গলাটিপে ধরেন শফিকুল। এতে সোনালী অচেতন হয়ে পড়েন।

সোনালীকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সোনালীর বাবা উপজেলার নগর সাঁওতা গ্রামের আনিস মোল্লা বাদী হয়ে শফিকুলের বিরুদ্ধে কুমারখালী থানায় হত্যা মামলা করেন।

তদন্ত শেষে ২০২২ সালের ৩১ অক্টোবর কুমারখালী থানার এসআই অপুর্ব কুমার আসামির বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যাকাণ্ডের অভিযোগ এনে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

১৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আসামিকে ১০ বছর কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে আরো তিন মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) খন্দকার সিরাজুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।