বন্দি জীবনেও নাগরিক অধিকার বিসর্জন দিতে হচ্ছে না নরসিংদী জেলা কারাগারের কয়েদিদের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে যাচ্ছেন এই কারাগারের নিবন্ধিত বন্দিরা। ইতোমধ্যে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন করেছে কারা কর্তৃপক্ষ।
নরসিংদী জেলা কারাগার সূত্রে জানা গেছে, কারাগারে বর্তমানে ১ হাজার ১৬ জন বন্দি রয়েছে, যার মধ্যে ১ হাজার ১৬ জন পুরুষ এবং ৭২ জন নারী। তাদের মধ্যে মোট ২৮ জন বন্দি পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য সফলভাবে রেজিস্ট্রেশন করেছেন।
নিবন্ধিত এই ২৮ জনের মধ্যে বর্তমানে ১৭ জন নরসিংদী কারাগারে অবস্থান করছেন। বাকিদের মধ্যে ৬ জন জামিনে মুক্তি পেয়েছেন এবং ৫ জনকে ইতোমধ্যে কাশিমপুর কারাগারে স্থানান্তর করা হয়েছে।
নরসিংদী কারাগারের জেল সুপার মো. তারেক কামাল জানান, বন্দিদের ভোটাধিকার প্রয়োগের নিয়ম-কানুন সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে। কারা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, পোস্টাল ব্যালট হাতে পাওয়া সাপেক্ষে আগামী ৫ থেকে ৮ ফেব্রুয়ারির মধ্যে এই ভোটগ্রহণের প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
নরসিংদী জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আনোয়ার হোসাইন জানান, জেলায় মোট ২৩ হাজার ৩৮১ জন নাগরিক পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। তিনি স্পষ্ট করে বলেন, যে সকল বন্দি একবার পোস্টাল ব্যালটের জন্য রেজিস্ট্রেশন করেছেন, তাদের এই মাধ্যমে ভোট দিতে হবে; অন্য উপায়ে ভোট দেওয়ার সুযোগ নেই।