দেশের মানুষ রাজনীতির দুই ভূত লুটপাট ও দুর্নীতি, পেশীশক্তি আর সন্ত্রাস তাড়াতে চায় বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের আমিরে মজলিস মামুনুল হক।
সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে শরীয়তপুরের পৌরসভা মাঠে ১১ দলীয় ঐক্যজোটের নির্বাচনি সমাবেশে একথা বলেন তিনি।
মামুনুল হক বলেন, “আমরা এবারের নির্বাচনে ১১ দলীয় ঐক্যজোট বাংলাদেশের মানুষকে বার্তা দিতে এসেছি, এদেশের মুক্তিকামী মানুষ জাগ্রত হয়েছে তাই এবার বাংলাদেশের রাজনীতিতে পরিশুদ্ধ আসবে। দুর্নীতি আর সন্ত্রাস নির্ভর রাজনীতি বাংলাদেশে আর চলবে না।”
তিনি বিভিন্ন রাজনৈতিক দলকে উপদেশ দিয়ে বলেন, “আগামীতে এদেশে আর দুর্নীতিবাজরা রাজনীতি করতে পারবে না। যারা সন্ত্রাস আর কালোটাকা নির্ভর, পেশীশক্তি নির্ভর, গুন্ডামির রাজনীতি করতে চায় মনে করে নেন সেই দিন শেষ। বাংলাদেশ এখন বিল্পবীদের দেশ।”