সারা বাংলা

সাতক্ষীরায় পোস্টাল ব্যালটে ভোট দেবেন ১৮,৭৭০ জন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সাতক্ষীরার চারটি সংসদীয় আসন থেকে ১৮ হাজার ৭৭০ জন পোস্টাল ব্যালটে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। তাদের মধ্যে প্রবাসী ৫ হাজার ৬৮৬ জন।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ব্যালট হাতে পাওয়ার পর ভোটাররা তা ডাকযোগে ফেরত পাঠাচ্ছেন। প্রবাসী ভোটারদের পাশাপাশি সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী ও কারাগারে থাকা ভোটার মিলিয়ে সাতক্ষীরা জেলায় মোট ১৮ হাজার ৭৭০ জন পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন। 

আসনভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে ২ হাজার ৫৬ জন পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন। তাদের মধ্যে পুরুষ ১ হাজার ৯৮১ জন ও নারী ৭৫ জন। এই আসনে ভোটার সংখ্যা ৪ লাখ ৯২ হাজার ১৯৮ জন।

সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনে পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন ১ হাজার ৬৯৪ জন। তাদের মধ্যে পুরুষ ১ হাজার ৬০১ জন ও নারী ৯৩ জন। এই আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৩০ হাজার ৫৮১ জন। 

সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালীগঞ্জ) আসনে নিবন্ধন করেছেন ১ হাজার ২৩৫ জন। তাদের মধ্যে পুরুষ ১ হাজার ১৯৮ জন ও নারী ৩৭ জন। মোট ভোটার ৪ লাখ ৯৮ হাজার ২২৪ জন।

সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে ৭০১ জন পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন। তাদের মধ্যে পুরুষ ৬৬৫ জন ও নারী ৩৬ জন। এই আসনে ভোটার ২ লাখ ৯৫ হাজার ৪২১ জন।

সাতক্ষীরার জেলা নির্বাচন কর্মকর্তা মো. মাসুদুর রহমান বলেন, “প্রবাসে অবস্থান করেও ভোটাররা তাদের সাংবিধানিক অধিকার প্রয়োগ করতে পারছেন। ফেরত আসা ব্যালটগুলো নির্ধারিত নিয়ম অনুযায়ী গণনায় অন্তর্ভুক্ত হবে।”

রিটার্নিং কর্মকর্তা ও সাতক্ষীরার জেলা প্রশাসক আফরোজা আখতার বলেন, “সাতক্ষীরা চারটি আসনে ভোটার সংখ্যা ১৮ লাখ ১৬ হাজার ৪২৪ জন। এর মধ্যে পুরুষ ৯ লাখ ১০ হাজার ৩৬৭ জন এবং নারী ভোটার ৯ লাখ ৬ হাজার ৪৩ জন। তৃতীয় লিঙ্গের ভোটার আছেন ১৪ জন। জেলায় মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৬০৯টি। ভোট কক্ষের সংখ্যা ৩ হাজার ৪১০টি।”